আর কোনোদিন হাঁটতে পারবেন না মুগাবে

আন্তর্জাতিক ডেস্ক:

জিম্বাবুয়ের প্রাক্তন প্রেসিডেন্ট ও দীর্ঘদিন দেশটি শাসন করা রবার্ট মুগাবে আর কোনোদিন হাঁটতে পারবেন না। ৯৪ বছর বয়সি এই প্রাক্তন নেতা দুর্বল স্বাস্থ্য ও বার্ধক্যের কারণে আর হাঁটতে পারবেন না বলে জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ইমারসন মনানগাগোয়া।

এক ঘোষণায় মনানগাগোয়া শনিবার জানান, প্রাক্তন প্রেসিডেন্ট মুগাবে গত দুই মাস ধরে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন।

রাজধানী হারারে থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে জভিম্বায় মুগাবের বাড়ির সামনে শত শত সমর্থকদের সামনে বর্তমান প্রেসিডেন্ট মনানগাগোয়া বলেন, ‘রবার্ট মুগাবে এখন বৃদ্ধ। অবশ্যই, এখন তিনি হাঁটতে পারছেন না। তবে তার কোনো কিছু প্রয়োজন হলে আমরা সরবরাহ করব।’

মুগাবেকে ‘স্বাধীন জিম্বাবুয়ের জনক’ উল্লেখ করে মনানগাগোয়া বলেন, ‘আমরা মুগাবের যত্ন নিচ্ছি।’

মনানগাগোয়া মুগাবের শারীরিক পরিস্থিতির বিস্তারিত কিছু জানাননি। তবে তিনি জানান, অক্টোবরের শেষ দিকে মুগাবের সিঙ্গাপুর থেকে জিম্বাবুয়ে আসার কথা ছিল। তবে শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে সেখানে আরো এক মাস বেশি থাকতে হচ্ছে। নভেম্বরের শেষ দিকে তিনি জিম্বাবুয়ে ফিরতে পারেন।

১৯৮০ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর জিম্বাবুয়েকে প্রায় চার দশক পরিচালনা করেন রবার্ট মুগাবে।

তথ্য : আল জাজিরা

  •  
  •  
  •  
  •