আফগানিস্তানে ভারতেরও স্বার্থ আছে: পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানে ভারতেরও স্বার্থ আছে বলে প্রথমবারের মতো স্বীকার করল পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যুদ্ধবিদ্ধস্ত দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় ভারতের সহায়তা প্রয়োজন বলেও মনে করেন বলে জানিয়েছে পাক পররাষ্ট্র মন্ত্রী শাহ মোহাম্মদ কোরেশী।

জাতীয় সংসদে বক্তৃতা দেয়ার সময় কোরেশী বলেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা পাকিস্তানের একার পক্ষে সম্ভব নয়। এটা এই অঞ্চলের দেশগুলোর সবার ‘যৌথ দায়িত্ব’ বলে মন্তব্য করেন তিনি। সোমবার দেশটির এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকা এ তথ্য জানায়।

‘প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন আফগানিস্তানে শুধু সামরিক শক্তি দিয়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আজকে যুক্তরাষ্ট্র, পাকিস্তান, আফগানিস্তান ও তালেবানরাও আলোচনার মাধ্যমে সমাধান চায়,’ বলেন কোরেশী।

‘আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা করতে চায় এমন কয়েকটি দেশের মধ্যে ইতিমধ্যেই বৈঠক হয়েছে। সেখানে ভারতেরও স্বার্থ আছে এবং তাদের সহায়তাও প্রয়োজন হবে,’ বলেন কোরেশী।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতকে আফগানিস্তানে কিছু ভূমিকা পালনের ইঙ্গিত দিয়েছে বলে জানায় ইন্দো-এশিয়ান নিউজ এজেন্সি। এতদিন সেখানে পাকিস্তান ভূমিকা ছিল স্পষ্ট, কিন্তু ভারতকে সেখানে কোনও দায়িত্বই দেয়া হয়নি।

পাকিস্তানকে ঘিরে ফেলার কৌশল হিসেবে নয়াদিল্লি আফগানিস্তানের উন্নয়নে ভূমিকা পালন করতে চায় বলে মনে করে পাকিস্তান।

কোরেশী বলেন ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় ইমরান খানের সহায়তা চেয়ে চিঠি দিয়েছে। পাকিস্তানে ইতিমধ্যেই এই কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

  •  
  •  
  •  
  •