পুত্র সন্তানের বাবা হলেন ভুটানের রাজা
আন্তর্জাতিক ডেস্ক:
নতুন যুবরাজ পেল হিমালয় অঞ্চলের ছোট্ট দেশ ভুটানের জনগণ। দেশটির রাজকীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার ভুটানের রানী জেতসুন পেমা একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। বাবা হয়েছেন রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।
২০১১ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ভুটানের রাজা ওয়াংচুক (৩৫) রানী জেতসুন পেমাকে (২৫) বিয়ে করেন। দেশটির রাজধানী থিম্পুতে অবস্থিত রাজপ্রাসাদ লিঙ্কন প্রাসাদে তাদের এই প্রথম সন্তানের জন্ম হলো। এর আগে পেমা একটি সাধারণ পরিবারের মেয়ে ছিল।
সন্তান জন্মদানের সময় রাজা রানীর পাশেই ছিলেন উল্লেখ করে শনিবার এক বিবৃতিতে রাজকীয় গণমাধ্যমের পক্ষ থেকে জানানো হয়, রানী এবং সদ্য জন্ম নেয়া যুবরাজ উভয়ই সুস্থ আছেন।
গত বছরের নভেম্বরে স্ত্রীর সন্তান সম্ভবা হওয়ার খবর জানিয়েছিলেন রাজা ওয়াংচুক। বলেছিলেন, ‘আমি আমার সন্তানকে খুবই সৌভাগ্যবান মনে করি। কারণ সে আমাদের এই পবিত্র দেশটিতে জন্ম নেবে।’
নিজেদের মধ্যে প্রেম চলার সময়েই গণমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছিলো এই দম্পতি। প্রকাশ্যেই নিজের হবু বধূর হাত ধরে তার প্রতি প্রেম নিবেদন করে এবং তার গালে চুমু খেয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিলেন তারা। রক্ষণশীল ভুটানে এ ধরনের ঘটনা দেখা যায় না বললেই চলে। বিশেষ করে রাজ পরিবারের মধ্যে।
২০০৮ সালের নভেম্বরে ভুটানের সিংহাসনে আরোহণ করেন বর্তমান রাজা। এর আগে ভুটানের রাজা ছিলেন জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের বাবা জিগমে সিংহে ওয়াংচুক। ১৯৬০ সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ভুটান। ১৯৭৪ সালে দেশটিতে প্রথম দেশি ও বিদেশি গণমাধ্যমকে সংবাদ প্রচারের অনুমোদন দেয়া হয় এবং ১৯৯৯ সালে প্রথম ইন্টারনেট ও টেলিভিশন কার্যক্রমের সূচনা হয়। ভুটানের অধিবাসীরা নিজেদের দেশকে মাতৃভাষা জংকা ভাষায় ‘দ্রুক ইযুল’ বা ‘বজ্র ড্রাগন’র দেশ নামে ডাকে।

