বাংলাদেশের গরিবরা খেতে পায় না, তাই ভারতে আসে: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্কঃ বিজেপির সাবেক সভাপতি ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বাংলাদেশের গরীব মানুষ এখনও খেতে পাচ্ছে না, সে কারণেই ভারতে অনুপ্রবেশ চলছে।
মঙ্গলবার অমিত শাহের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা। তাতে অমিত শাহ জানান, ক্ষমতায় এসে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ বন্ধ করবে বিজেপি।
গত ১০-১৫ বছরে বাংলাদেশের তো আর্থিক উন্নয়ন হয়েছে। তাও কেন লোকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করছে? এমন প্রশ্নে অমিত শাহ বলেন, এর দুটো কারণ আছে। এক, বাংলাদেশের উন্নয়ন সীমান্ত এলাকায় নিচুতলায় পৌঁছায়নি। যে কোনও পিছিয়ে পড়া দেশে উন্নয়ন হতে শুরু করলে সেটা প্রথম কেন্দ্রে হয়। আর তার সুফল প্রথমে বড়লোকদের কাছে পৌঁছায়। গরিবদের কাছে নয়।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন, এখন বাংলাদেশে সেই প্রক্রিয়া চলছে। ফলে গরিব মানুষ এখনও খেতে পাচ্ছে না। সে কারণেই অনুপ্রবেশ চলছে। আর যারা অনুপ্রবেশকারী, তারা যে শুধু বাংলাতেই থাকছে, তা নয়। তারা তো ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে। জম্মু-কাশ্মীর পর্যন্ত পৌঁছে যাচ্ছে।
অমিত শাহের মতে, দ্বিতীয় কারণটি হলো প্রশাসনিক সমস্যা। তিনি বলেন, প্রশাসনিকভাবেই এর মোকাবিলা করতে হবে। সেটা পশ্চিমবঙ্গের সরকার করেনি।

