বিজেপিকে হারিয়ে ক্ষমতায় আসছে মমতার তৃণমূল
আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে।
রোববার (০২ মে) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সবশেষ খবরে বলা হয়েছে, ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজন ১৪৮টি আসন। প্রাথমিকভাবে ঘোষিত ২৯২টি আসনের মধ্যে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল পেয়েছে ১৬৬টি আসন। অন্যদিকে বিজেপি পেয়েছে ১২৩টি আসন।
এদিন, সকাল থেকে এখনও আট দফার নির্বাচনের ফল ঘোষণা করা হচ্ছে। ভারতীয় সময় সকাল ৮টা (বাংলাদেশ সাড়ে ৮টা) থেকেই পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯২টি আসনের ভোট গণনা শুরু হয়।
বিধানসভার মোট আসন ২৯৪টি থাকলেও দুই প্রার্থী মারা যাওয়ায় ওই দুটি আসনের নির্বাচন স্থগিত করা হয়। সমশেরগঞ্জ এবং জঙ্গিপুরে করোনা সংক্রমিত হয়ে দুই প্রার্থীর মৃত্যুর কারণে ওই দুই আসনে ভোট হবে ১৬ মে।
এদিকে গণনার দিন প্রথা ভাঙতে নারাজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বাড়ি থেকে নজর রেখেছেন ভোট গণনায়।
২০১১ সালে পরিবর্তনের ডাক দিয়ে দীর্ঘ ৩৪ বছরের বাম জমানার পতন ঘটিয়েছিলেন। এরপর প্রত্যাবর্তন ঘটেছিল ২০১৬-তে। সেই দু’বারই কালীঘাটের বাড়িতে বসেই ভোটের ফলাফলে নজর রেখেছিলেন তৃণমূল সুপ্রিমো।

