ইসরায়েলকে সমর্থন করায় জো বাইডেনের সমালোচনা করলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের উপর ইসরায়েলি হামলা এবং সংঘাত ইস্যুতে ইসরায়েলের পক্ষ নেয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান। এরদোয়ান গত সোমবার (১৭ মে) বাইডেনের উদ্দেশ্যে বলেন, ‘আপনি  রক্তাক্ত হাত দিয়ে ইতিহাস লিখছেন। আমরা দেখলাম, বাইডেন ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিতে সই করেছেন।’

এদিকে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমরা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং অন্যান্য তুর্কি নেতাদের উসকানিমূলক কোনো মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। ইহুদিবিদ্বেষী ভাষার স্থান কোথাও নেই।’

এছাড়াও ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসবাদ চালানোর অভিযোগ আনেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। জেরুজালেমে ফিলিস্তিনিরা আত্মরক্ষার জন্য ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর দিকে পাথর ছুড়লে প্রত্যুত্তরে ইসরায়েলি পুলিশ তাদের উপর রাবার বুলেট ছোঁড়ায় ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলেছেন তিনি। এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

তুরস্কের টেলিভিশনে প্রচারিত ভাষণে মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে সরাসরি এসব মন্তব্য করেন এরদোয়ান। বাইডেন গত জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তাকে সবচেয়ে কড়া ভাষায় আক্রমণ করেন এরদোয়ান।

  •  
  •  
  •  
  •  

Tags: , , , ,