ইসরায়েলবিরোধী সমাবেশে বাংলাদেশি নারী গুলিবিদ্ধ!
আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লেবাননে করা ফিলিস্তিনি নাগরিকদের সমাবেশে বাংলাদেশি নারীকর্মীসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।
গত রোববার (১৬ মে) রাতে সমাবেশ থেকে ফাঁকা গুলি ছুড়লে বাংলাদেশি কুলসুম বেগম গুলিবিদ্ধ হন। গুরুতর আহত কুলসুম বেগমকে বৈরুতের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন কুলসুম বেগম জানান, ঘটনার দিন নিয়োগকর্তার বাসায় কাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি। পথে হারব বেকারির সামনে এলে তিনি গুলিবিদ্ধ হন। তার বুকের ওপর বাম পাশে গুলি লাগে।
স্থানীয় রেডক্রসের সহায়তায় সাঈদাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বৈরুতের রফিক হারিরি হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
উল্লেখ্য কুলসুম বেগম ২০১৯ সালে গৃহকর্মীর ভিসায় লেবাননে আসেন। গত ৩ মে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু ফ্লাইট বিড়ম্বনার কারণে তার দেশে যাত্রা ব্যাহত হয়।
লেবাননে বাংলাদেশ দূতাবাস গুলিবিদ্ধ কুলসুম বেগমের চিকিৎসার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে জানিয়েছে। দূতাবাসের একটি দল হাসপাতালে গিয়ে তার খোঁজখবরও নিয়েছে।

