ফের ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত
আন্তর্জাতিক ডেস্কঃ পঞ্জাবের মোগা জেলায় ভেঙে পড়ল ভারতীয় বিমানবাহিনীর মিগ-২১ যুদ্ধবিমান। বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিমানচালকের। তাঁর নাম অভিনব চৌধুরি। তিনি বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার ছিলেন।
ভারতীয় বিমানবাহিনীর বরাতে জানা গেছে, ঘাঁটি থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই পাঞ্জাবের মোগা জেলার লাঙ্গিয়ানা খুর্দ গ্রামের কাছে বিমানটি ভেঙে পড়ে। ইতিমধ্যে এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
ভারতীয় বিমানবাহিনীর অফিসিয়াল টুইটার একাউন্টে লেখা হয়েছে, ‘বিমানবাহিনীর বাইসন যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ায় মৃত্যু হয়েছে স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরির। বিমানবাহিনী তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।’
মিগ সিরিজের বিমান বিধ্বস্তের ঘটনা নতুন কিছু নয়। ‘ফ্লাইং কফিন’ তকমা পাওয়া এই বিমান চালাতে গিয়ে মৃত্যুও হয়েছে বহু পাইলটের।
চলতি বছরে এ নিয়ে ভারতে তিনটি মিগ-২১ বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। গত মার্চ মাসে একটি মিগ-২১ বাইসন এবং জানুয়ারি মাসে রাজস্থানের সুরতগড়ে একটি মিগ-২১ ফাইটার জেট বিধ্বস্ত হয়।
২০১৯ সালে সংসদে দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক জানিয়েছিলেন, ২০১৬ সাল থেকে ভারতীয় বিমানবাহিনীর মোট ২৭টি এয়ারক্রাফ্ট দুর্ঘটনার কবলে পড়েছে। এর মধ্যে রয়েছে ১৫টি ফাইটার জেট।

