বিয়ে নিয়ে এমন কী বললেন মালালা? যা নিয়ে তোলপাড়
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেলজয়ী মালালা ইউসুফজাই। ১৪ বছর বয়সে তিনি তালেবানদের হাতে গুলিবিদ্ধ হন। সেই থেকেই তিনি বিশ্ববাসীর কাছে পরিচিত।
ফ্যাশন ও লাইফস্টাইল বিষয়ক বিখ্যাত ‘ভোগ’ পত্রিকার জুন সংখ্যায় তাকে এবার প্রচ্ছদে স্থান দেওয়া হয়েছে। মালালার একটি সাক্ষাৎকারও প্রকাশিত হয়েছে এই সংখ্যায়। যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কেউ কেউ সেই মতকে ‘ইসলামবিরোধী’ বলেও মন্তব্য করেছেন।
বিয়ে প্রসঙ্গে একটি প্রশ্নের উত্তরে মালালা বলেন, ‘আমি এখনও নিশ্চিত নই যে, আদৌ বিয়ে করব কি-না? আমার মনে হয়, সত্যিই কি বিয়ে করা জরুরি? আমার মা অবশ্য বলেন, ‘আমাকে অবশ্যই বিয়ে করতে হবে এবং খুব ভালো মানুষের সঙ্গেই না-কি আমার বিয়ে হবে!’
মালালা আরও বলেন, ‘আপনি যদি কাউকে সত্যিই নিজের জীবনে চান তাহলে বিয়ের কাগজপত্রে কেন স্বাক্ষর করতে হবে? একে অপরের সহযোগী হয়ে থাকা যায় না? বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়েও আমি ভাবতাম, ‘কখনোই বিয়ে করব না এবং আমার কোনো সন্তানও থাকবে না।’
‘কারণ আমি শুধু মনোযোগ দিয়ে আমার কাজগুলোই করে যেতে চাই। সব মিলিয়ে আমি সুখী। আমার কোনো উচ্চভিলাষী প্রত্যাশা নেই। শুধু লক্ষ্য পূরণের ইচ্ছা সবসময় আমাকে তাড়া করে। পরিবারের সবাইকে নিয়ে থাকার আনন্দে সবসময় আমি আপ্লুত থাকি। তবে সবারই উচিত নিজের জন্য ভবিষ্যতের অনুসন্ধান করা।’
মালালার এমন মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। একদিকে অনেকে এই মতটির সমালোচনা করেছেন। পাশাপাশি বিয়ের মতো একটি সামাজিক প্রথাকে নিয়ে নতুন করে ভাবনাচিন্তা করার জন্য মালালার প্রশংসাও করেছেন অনেকে।
আরও অনেক বিষয় নিয়েই খোলা মনে নিজের মনের কথা জানিয়েছেন মালালা। এর মধ্যে রয়েছে হিজাব পরার প্রসঙ্গও। যে বিষয়ে মালালা বলেন, ‘এটা আমাদের সংস্কৃতিক প্রতীক। এই পোশাক বুঝিয়ে দেয়, আমি কোথা থেকে এসেছি। আমরা মুসলিম মেয়েরা, পাকিস্তানি মেয়েরা কিংবা পাখতুনের মেয়েরা এটাকে আমাদের পরম্পরা বলেই মানি।

