ইরাক-সিরিয়া বর্ডারে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাক–সিরিয়া সীমান্তে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, এতে ইরানসমর্থিত কমপক্ষে পাঁচজন মিলিশিয়া নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় আজ সোমবার সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা বলেছে, হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে একটি শিশু রয়েছে। কমপক্ষে তিনজন আহত হয়েছেন।

স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যেসব স্থাপনা লক্ষ্য করে মার্কিন হামলা চালানো হয়, তা ইরানসমর্থিত মিলিশিয়া গ্রুপগুলো ব্যবহার করে আসছিল। এসব মিলিশিয়া গোষ্ঠী ইরাকে অবস্থানরত মার্কিনদের ওপর গাড়ি হামলা চালায়। এর পাল্টা জবাব দিতে বিমান হামলা চালানো হয়েছে।

পেন্টাগন ইরাকে এ ধরনের হামলার জন্য ইরানসমর্থিত মিলিশিয়া গোষ্ঠী খাতাইব হিজবুল্লাহ (কেএইচ) এবং খাতাইব সাইদ আল শুহাদাকে (কেএসএস) দায়ী করেছে।
পেন্টাগন ওই বিবৃতিতে আরও বলেছে, এ হামলার মধ্য দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন পরিষ্কার বার্তা পাঠিয়েছেন। সেটি হলো আমেরিকার স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে,এমন যেকোনো আঘাতে এভাবেই প্রতিক্রিয়া দেখানো হবে।

সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, এ হামলায় এফ-১৫ এস এবং এফ-১৬ এস বোমারু বিমান ব্যবহার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল দিবাগত রাত একটায় এ বিমান হামলা হয়েছে বলে জানানো হয়।

হামলার পর মার্কিন বিমানগুলো নিরাপদে ফিরে এসেছে বলেও পেন্টাগনের বিবৃতিতে জানানো হয়েছে। ক্যাম্প ডেভিডে সপ্তাহ কাটিয়ে হোয়াইট হাউসে ফেরার পথে সাংবাদিকেরা এ নিয়ে প্রশ্ন করলে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এ নিয়ে তিনি পরদিন কথা বলবেন।

গত ফেব্রুয়ারি মাসে ইরানসমর্থিত মিলিশিয়াদের ওপর যুক্তরাষ্ট্রের হামলায় ২০ জন নিহত হন।

সূত্রঃ রয়টার্স

  •  
  •  
  •  
  •  

Tags: , , ,