বসত বাড়িতে ঘুরে বেড়াচ্ছে বন্য কুমির

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কর্ণাটক রাজ্যের দান্দেলির এক গ্রাম। সেখানে বিশালাকারের একটি কুমির ঘুরে বেড়াচ্ছে বাড়ির সামনের সরু রাস্তা দিয়ে। পেছনে হেঁটে আসছে উৎসুক জনতা। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, সেখানকার কোগিলবান গ্রামের সরু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কুমির।

ঐ গ্রামটি দান্দেলি বন্যপ্রাণী অভয়াশ্রমের কাছে অবস্থিত। অভয়াশ্রমটিতে রয়েছে বেশকিছু প্রাণী। টুইটারে বন কর্মকর্তাদের শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, কুমিরটি হালকা চালে সরু রাস্তা দিয়ে হাঁটছে। উৎসুক গ্রামবাসী দূর থেকেই অনুসরণ করছে তাকে। তবে কুমিরটি গ্রামের কাউকে আঘাত করেছে বলে জানা যায়নি।

পরে বন কর্মকর্তারা কুমিরটিকে উদ্ধার করেন আর কাছের একটি নদীতে অবমুক্ত করে দেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আরো বেশকিছু প্রাণী ভারতের গ্রামের রাস্তায় চলে আসার ভিডিও ছড়িয়ে পড়েছে।

সূত্রঃ ভারতীয় বার্তা সংস্থা এএনআই

  •  
  •  
  •  
  •  

Tags: ,