করোনায় তছনছ মোদির মন্ত্রিসভা, শপথ নিলেন ৪৩ মন্ত্রী
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা মহামারি মোকাবিলা ও অর্থনৈতিক ধাক্কা সামাল দিতে মন্ত্রিসভায় রদবদল এনেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বুধবার সন্ধ্যায় শপথ নিয়েছেন ভারতের নতুন ৪৩ জন মন্ত্রী।
২০১৪ সালে ক্ষমতায় আসার পর মন্ত্রিসভায় এখন পর্যন্ত সবচেয়ে বড় ধরনের রদবদল করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সরকারের মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ৩৬ জন। এছাড়া রদবদলের আগে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রীসহ কমপক্ষে ১২ জন পদত্যাগ করেছেন।
ভারতের নতুন মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৫২ থেকে বাড়িয়ে ৭৭ করা হয়েছে। নতুন ৩৬ জন ছাড়াও প্রতিমন্ত্রীর পদ থেকে পূর্ণ মন্ত্রী হয়েছেন সাতজন। দেশটির মন্ত্রিসভায় এমন এক সময় এই রদবদল আনা হলো যখন উত্তরপ্রদেশের মতো কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে নির্বাচনের সময় ঘনিয়ে আসছে।
করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণ ও ভঙ্গুর অর্থনীতি নিয়ে দেশটিতে সরকারের তুমুল সমালোচনার মাঝে বুধবার নতুন এই মন্ত্রিসভার ঘোষণা এল। কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ে ভারতে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। প্রাণঘাতী এই ভাইরাস ছোট-বড় সব শহর ও একেবারে প্রত্যন্ত গ্রামীণ এলাকায়ও ছড়িয়ে পড়ছে।

