প্রধানমন্ত্রীর চেয়ার দখল করলেন মিন অং হ্লাইং, বাড়ল জরুরি অবস্থা
আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে আগামী দুই বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন সামরিক জান্তা মিন অং হ্লাইং। সুচির নেতৃত্বাধীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে হটিয়ে ক্ষমতা দখল করে নেয়া সেনাবাহিনী ৬ মাসের মাথায় এ প্রতিশ্রুতি দিলেন জান্তা প্রধান।
রোববার টেলিভিশনে দেয়া এক ভাষণে মিয়ানমার জান্তা প্রধান বলেন, দেশের জরুরি অবস্থার মেয়াদ আগামী ২০২৩ সালের আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ের মাঝেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যদিয়ে দেশটিতে সেনাশাসনের সময় আরও দুই বছর বাড়িয়ে দেয়া হলো।
জান্তা সরকারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল তাদের পক্ষ থেকে রোববার এক বিবৃতিতে আরও জানায়, মিন অং হ্লাইংকে তত্ত্বাবধায়ক সরকারের (কেয়ারটেকার সরকার) প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়েছে। পরে জান্তা প্রধান নিজেই এক ঘোষণায় নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেন এবং জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর বিষয়টি পরিষ্কার করেন।
এদিকে সুচি সরকারকে উৎখাত করার পর দেশে রক্তক্ষয়ী প্রতিবাদ হয়ে আসছে এবং এসব বিক্ষোভ-প্রতিবাদ শক্ত হাতে দমন করছেন জেনারেল মিন। এ পর্যন্ত দেশটিতে সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দমন করতে গিয়ে প্রায় ৯০০ মানুষ নিহত হয়েছে।

