একের পর এক অঞ্চল দখলে নিচ্ছে তালেবান, ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব!
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের অন্যতম প্রধান শহর এবং দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহ দখল করে নিয়েছে তালেবান। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার এবং তৃতীয় বৃহত্তম শহর হেরাতের দখল নেওয়ার পরদিনই তালেবান যোদ্ধাদের হাতে লস্কর গাহের পতন হলো।
এ অবস্থায় অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে পশ্চিমা-সমর্থিত আশরাফ ঘানির সরকার। যুক্তরাষ্ট্র মুখে বলছে তাদের পাশে রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তালেবানের অপ্রতিরোধ্য অভিযানের মুখে আফগানিস্তান থেকে পাততাড়ি গোটাতে ব্যস্ত মার্কিনিরা।
উদ্ভূত পরিস্থিতিতে কাবুল থেকে নিজেদের দেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে আমেরিকা এবং ব্রিটেন। কাবুলে থাকা নাগরিকদের সরানোর জন্য তিন হাজার সেনাও পাঠাচ্ছে আমেরিকা এবং ৬০০ সেনা পাঠাচ্ছে ব্রিটেন। যদিও এই সেনা তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে নামবে না।
এর আগে, তালেবানের প্রবল আক্রমণের মুখে গত বৃহস্পতিবার ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছে আফগান সরকার। তবে তালেবানের পক্ষ থেকে তাতে সাড়া দেয়ার কোনো লক্ষণ নেই। মার্কিন গোয়েন্দাদের বিশ্বাস, আগামী ৯০ দিনের মধ্যে তালেবান বিদ্রোহীদের হাতে কাবুল সরকারের পতন ঘটবে।
জানা গেছে, আফগানিস্তানের ৩৪টি প্রদেশের রাজধানীর মধ্যে ১২টি প্রদেশের রাজধানী ইতিমধ্যেই দখল করেছে তালেবান। গজনি এবং কান্দাহারের মতো আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহরের দখল নেওয়া এর মধ্যে উল্লেখযোগ্য। যদিও দেশের রাজধানী কাবুল এখনও আফগান সরকারের দখলেই রয়েছে। কিন্তু এই দু’টি শহর দখলের পর কাবুলের সঙ্গে শহরগুলোর সম্পর্ক ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে তালেবান।

