দেশ ছাড়লেন আফগান প্রেসিডেন্ট, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি তাজিকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স রোববার জানিয়েছে।
ওই কর্মকর্তা জানান, তাজিকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন ঘানি। বিষয়টি নিয়ে আফগান প্রেসিডেন্টের দফতরের মন্তব্য জানতে চাইলে সেখান থেকে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে আশরাফ ঘানির গতিবিধি সম্পর্কে কোনও তথ্য দেওয়া সম্ভব নয়। তবে একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, তারা এ সংক্রান্ত প্রতিবেদনের সত্যতা যাচাই করে দেখছেন।
আফগানিস্তানের রাজধানী কাবুলজুড়ে উড়ছে ক্ষমতা গ্রহণের দ্বারপ্রান্তে থাকা তালেবানের পতাকা। প্রায় সব সরকারি ভবনের মাথায় নিজেদের নিশান উড়িয়ে দিয়েছে তারা। আশরাফ ঘানির দেশত্যাগের আগেই অবশ্য কাবুলজুড়ে ক্ষমতা বদলের ছবি স্পষ্ট। রাজপথের দখল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে তালেবান সদস্যরা। রাস্তায় গাড়ির ভিড়ে যানজট তৈরি হয়েছে।
এদিকে আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল সাত্তার মিজাকওয়াল বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে। রবিবার তালেবান কাবুলের চারপাশ ঘিরে রাখার পর এ কথা জানালেন তিনি।
স্থানীয় টোলো টিভিকে আফগান প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, কাবুলে হামলা চালাবে না তালেবান। তিনি বলেন, আফগান জনগণের উদ্বিগ্ন হওয়া কিছু নেই। শহরে কোনও হামলা হবে না এবং অন্তর্বর্তী সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।

