তালেবানের পক্ষ থেকে আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন আবদুল গনি!

আন্তর্জাতিক ডেস্কঃ তালেবান যোদ্ধারা কাবুল দখলের পর আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশে ছেড়েছেন। তালেবানের পক্ষ থেকে নতুন প্রেসিডেন্ট হিসেবে মোল্লা আবদুল গনি বারাদারের নাম শোনা যাচ্ছে। অবশ্য এ ব্যাপারে তালেবান এখনো মুখ খোলেনি।

তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানাচ্ছে, মোল্লা আবদুল গনিই তালেবান প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। তালেবান আন্দোলনের প্রতিষ্ঠাতাদের অন্যতম হচ্ছেন মোল্লা আবদুল গনি বারাদার। গোষ্ঠীটির সাবেক নেতা মোল্লা ওমরের একজন ঘনিষ্ঠ বন্ধু তিনি। দক্ষিণ আফগানিস্তানে তালেবানের সামরিক কর্মকাণ্ডের অধিনায়ক গনি।

২০১০ সালে পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর একটি বিশেষ দল করাচিতে থেকে গনিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রই গনিকে মুক্তি দেওয়ার জন্য পাকিস্তানকে অনুরোধ জানায়। তালেবানের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার জন্য শেষ পর্যন্ত ২০১৮ সালে তাকে মুক্তি দেওয়া হয়।

এর পরপরই তাকে তালেবানের রাজনৈতিক বিষয়ক নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়। এছাড়া তাকে কাতারের রাজধানী দোহায় তালেবানের কূটনৈতিক দপ্তরের প্রধান হিসেবেও নিয়োগ দেওয়া হয়।

২০২০ সালের ফেব্রুয়ারিতে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহারে ওয়াশিংটনের সঙ্গে তালেবানের যে চুক্তি হয় তাতে স্বাক্ষর করেছিলেন গনি।

এদিকে দেশ ছাড়ার পর আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি বলেন, ‘আমার উচিত ছিল সশস্ত্র তালেবানদের মুখোমুখি হওয়া। অথবা আমি গত ২০ বছর ধরে যে দেশকে রক্ষা করতে জীবন উৎসর্গ করেছি, সেই প্রিয় দেশ ছেড়ে চলে যাওয়া।’

তালেবান যোদ্ধাদের মুখোমুখি হওয়ার পরিস্থিতির বিষয়ে আশরাফ গনি বলেন, ‘এতে অগণিত দেশবাসী মারা যেত। ধ্বংসের মুখোমুখি হতো কাবুল শহর। তালেবানরা কাবুলের লোকদের ওপর হামলা করত। তাই রক্তের বন্যা এড়াতে দেশ ছাড়াকে শ্রেয় মনে করি।’

তিনি আরও বলেন, ‘তালেবানরা তলোয়ার ও বন্দুকের বিচারে জিতে গেছে। ইতিহাস কখনো অবৈধ ক্ষমতাকে বৈধতা দেয়নি এবং দেবেও না। আমি সব সময় আমার জাতির সেবা করে যাব।’

  •  
  •  
  •  
  •  

Tags: , ,