দোহায় চলছে তালেবানদের বিশেষ বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক:
তালেবানদের বিশেষ বৈঠক চলছে কাতারের রাজধানী দোহায়। সেই বৈঠকে আফগানিস্তান শাসনের রুপরেখা তৈরি হচ্ছে। ভবিষ্যত সরকার ব্যবস্থা, সরকারের গঠন এবং নাম নিয়ে আলোচনা হচ্ছে। এনিয়ে খুব দ্রুতই জানানো হবে বলে জানিয়েছে তালেবান। স্থানীয় গণমাধ্যম টলোনিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
তালেবানের এক উচ্চপদস্থ কর্মকর্তা টলোনিউজকে জানান, তাদের নেতৃত্ব দোহায় আলোচনায় ব্যস্ত। আন্তর্জাতিক সম্প্রদায় এবং আফগানিস্তানের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করছে তারা।
তালেবানের রাজনৈতিক উপ-নেতা মোল্লা আবদুল গনি বারাদার বলেছেন, বর্তমান মুহূর্তটি তালেবানদের জন্য একটি পরীক্ষা। এই সময়ে আমরা একটি পরীক্ষার মুখোমুখি হয়েছি। কারণ এখন জনগণের নিরাপত্তার জন্য আমাদের কাজ করতে হবে।
এদিকে, আজ সোমবার তালেবানরা কাবুলের টলোনিউজ কম্পাউন্ডে প্রবেশ করে। এসময় তারা নিরাপত্তা কর্মীদের অস্ত্র পরীক্ষা করে, সরকার প্রদত্ত অস্ত্র নিয়ে যায়। সেই সঙ্গে কম্পাউন্ডটি নিরাপদ রাখতে রাজি হয় তারা। কর্মীদের সঙ্গে কোনো খারাপ আচরণ করা হয়নি বলে জানানো হয় গণমাধ্যমটির পক্ষ থেকে।
কাবুলের শাসন ব্যবস্থা কেমন চায় বাসিন্দারা?
স্থানীয় বাসিন্দা আহমদ ফরিদ বলেন, ‘এমন একটি সরকার হওয়া উচিত যেখানে সকল মানুষের অংশগ্রহণ থাকবে এবং সেখানে স্থিতিশীলতা থাকতে হবে।’ ফজল রাবি নামের কাবুলে আরেক বাসিন্দা বলেন, ‘দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারণ মানুষ যুদ্ধ দেখতে দেখতে ক্লান্ত।’

