কেমন হবে আফগান সরকার?
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের ক্ষমতা দখলের পর কেমন সরকার গঠিত হবে তা স্পষ্ট করল তালেবান। এরই মাঝে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানাচ্ছে, আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবানদের হাতে কাবুল পতনের পর এবার নতুন সরকারের কাঠামো নিয়ে কাজ শুরু করে দিয়েছে তারা। এদিকে সকল আফগান পক্ষকে নিয়ে একটি নমনীয় ইসলামি সরকার গঠন করা হবে বলে ঘোষণা দিয়েছে তালেবান। সশস্ত্র এই গোষ্ঠীর মুখপাত্র সোহেল শাহিনের বরাত দিয়ে আফগান বার্তা সংস্থা শাফাকনা এ খবর জানিয়েছে।
সোমবার (১৬ আগস্ট) শাহিন বলেন, আফগানিস্তানে এখন যে সরকার গঠিত হবে তাতে শুধু তালেবান সদস্যরা থাকবেন না বরং সেখানে সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। তিনি বলেন, আফগানিস্তানের বিখ্যাত সব রাজনৈতিক ব্যক্তিত্বকে নয়া সরকারে অন্তর্ভুক্ত করতে চায় তালেবান।
তালেবানের মুখপাত্র আরও বলেন, এতদিন ধরে আফগান সেনাবাহিনী ও পুলিশসহ সবগুলো নিরাপত্তা বাহিনীতে কর্মরত যে কেউ তার অস্ত্র সমর্পন করে তালেবানে যোগ দেবে তার নিরাপত্তা নিশ্চিত করা হবে।
এদিকে ইরানের সংবাদ মাধ্যম পার্সটুডে জানায়, ১৫ আগস্ট আফগানিস্তান থেকে সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি পালিয়ে যাওয়ার পর কোনো কোনো সূত্র সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার পরিষদ গঠনের খবর দিয়েছিল।
ওই পরিষদের বাকি দুই সদস্য হিসেবে সাবেক মুজাহিদ কমান্ডার গুলবুদ্দিন হেকমতিয়ার ও গনি সরকারের শান্তি বিষয়ক উচ্চ পরিষদের প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহর নাম ঘোষণা করা হয়েছিল।
কিন্তু তালেবান নেতৃবৃন্দ ঘোষণা করেছেন, তারা কোনো অন্তবর্তী সরকার বা পরিষদ মানেন না। তারা সরাসরি পরবর্তী সরকার গঠন করবেন।
এর আগে তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র মোহাম্মদ নায়েম সোমবার (১৬ আগস্ট) আল জাজিরাকে জানান, তারা অতিসত্বর আফগানিস্তানের নতুন সরকার সমন্ধে সবকিছু পরিষ্কার করে জানাবে।

