প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসে যা বললো তালেবান
আন্তর্জাতিক ডেস্কঃ কাবুলসহ আফগানিস্তানের বেশিরভাগ প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে হাজির হয়েছে তালেবান। রাজধানী কাবুলে এই সংবাদ সম্মেলন শুরু করেছেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।
সংবাদ সম্মেলনের শুরুতেই তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘২০ বছরের সংগ্রামের পর আমরা দেশকে মুক্ত করেছি এবং বিদেশীদের তাড়িয়ে দিয়েছি। এটা পুরো জাতির জন্য গর্বের মুহূর্ত।’
তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই আফগানিস্তান আর সংহিংসতা-যুদ্ধক্ষেত্র থাকবে না। যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের সবাইকে আমরা ক্ষমা করে দিয়েছি। শত্রুতা শেষ হয়ে গেছে। আমরা কোন বিদেশি কিংবা অভ্যন্তরীণ শত্রু চাই না।’
‘কিন্তু দুর্ভাগ্যবশত, আগের সরকার এতটা অযোগ্য ছিল যে তাদের সেনাবাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে কিছুই করতে পারেনি। আমাদের কিছু করতে হবে। আর তাই আমাদের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের কাবুলে প্রবেশ করতে হয়েছিল।
তালেবানের ওই মুখপাত্র আরও বলেন, ‘আমরা আমাদের সাংস্কৃতিক কাঠামোর ভেতরে গণমাধ্যমের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। যখন গণমাধ্যমের বিষয় আসবে তখন সেখানে এমন কোনো কিছুই করা যাবে না যা আমাদের ইসলামিক মূল্যবোধের বিরোধী।’
জবিল্লাহ মুজাহিদ বলেন, ‘আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করতে চাই যে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কোনো সমস্যা করতে চাই না। আমাদের ধর্মীয় নীতি অনুসারে কাজ করার অধিকার আমাদের আছে।’
এদিকে রাজধানী কাবুলসহ বেশিরভাগ প্রদেশ বিদ্রোহীগোষ্ঠী তালেবানের দখলে যাওয়ার দু’দিন পর আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ নিজেকে দেশের ‘বৈধ এবং সাংবিধানিক’ প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছেন। কাবুলের উত্তরপূর্বের পাঞ্জশির উপত্যকায় আত্মগোপনে থাকা সাবেক এই ভাইস-প্রেসিডেন্ট মঙ্গলবার নিজেকে দেশের তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছেন।

