আফগানিস্তানের মন্ত্রী-মেয়র-গোয়েন্দা প্রধান নিয়োগ দিলো তালেবান

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার এক সপ্তাহেরও বেশি সময় পর আজ মঙ্গলবার তালেবান নতুন অর্থমন্ত্রী, অন্তবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী এবং গোয়েন্দা প্রধান নিয়োগ দিয়েছে।

আফগানিস্তানের বার্তা সংস্থা পাজহোকের তথ্যমতে দেশটির নতুন অর্থমন্ত্রী হিসেবে গুল আগা, অন্তবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী সদর ইব্রাহিম এবং গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে নাজিবুল্লাহকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া মুল্লাহ শিরিন রাজধানী কাবুলের গভর্নর এবং হামদুল্লাহ নোমানি মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ দিয়েছে তালেবান। সংগঠনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ পাকিস্তানভিত্তিক আফগান ইসলামিক প্রেসকে (এআইপি) জানিয়েছেন, দ্য আফগানিস্তান ব্যাংকের নতুন গভর্নর হিসেবে হাজি মোহাম্মদ ইদ্রিসকে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে আফগানিস্তানে সরকার গঠনের প্রক্রিয়া চলছে জোরেশোরে। সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও ‘হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন’র চেয়ারম্যান আবদুল্লাহ আবদুল্লাহ কাবুলে দফায় দফায় তালেবানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছেন।

গত শনিবার তালেবান নেতাদের সঙ্গে বৈঠক শেষে আবদুল্লাহর কার্যালয় জানায়, ‘উভয়পক্ষ দেশের বর্তমান নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি এবং আফগানিস্তানের ভবিষ্যতের জন্য একটি অংশগ্রহণমূলক রাজনৈতিক সমঝোতা নিয়ে মতবিনিময় করেছেন।’

তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর কারজাই এবং আবদুল্লাহ কাবুলে তালেবান নেতৃত্বের বেশিরভাগ নেতার সঙ্গে বৈঠক করে অংশগ্রহণমূলক সরকার নিয়ে আলোচনা করেছেন। কিন্তু এসব বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হয়নি।

উল্লেখ্য ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তান তালেবানের শাসনে ছিল। এর মধ্যে সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার নেতাদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার অভিযোগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোট সেখানে যৌথ অভিযান চালায়, যার মাধ্যমে তালেবান শাসনের অবসান ঘটে।

  •  
  •  
  •  
  •  

Tags: ,