আফগানিস্তানের সাবেক মন্ত্রী এখন জার্মানিতে পিৎজা ডেলিভারি করছেন!
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের সাবেক মন্ত্রী সৈয়দ আহমদ শাহ সাদাতকে সম্প্রতি জার্মানিতে দেখা গেছে। সেখানে তিনি লেইপজিগ শহরে পিৎজা সরবরাহের কাজ করছেন।
বুধবার (২৫ আগস্ট) তার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তাকে কমলা রঙের পোশাক পরা, পিঠে ব্যাগ নিয়ে সাইকেল চালাতে দেখা গিয়েছে।
জানা গেছে, সৈয়দ আহমেদ শাহ সাদাত ২০১৮ সালে আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ গনির মন্ত্রিসভায় যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী হিসেবে যোগ দেন। দু’বছর আফগানিস্তানে মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাবার পর গনির সঙ্গে মতানৈক্যের জেরে তিনি পদত্যাগ করেন। গত বছর ডিসেম্বর থেকে সাদাত জার্মানির লিপজিগে থাকছেন। পেট চালাতে সেখানেই পিৎজা ডেলিভারির কাজ নিতে হয় তাঁকে।
এ বিষয়ে সাদাত জানিয়েছেন, জার্মানি এসে টাকা ফুরিয়ে যাওয়ায় বাধ্য হয়ে তাঁকে পিৎজা ডেলিভারির কাজ নিতে হয়েছে। অক্সফোর্ডের জোড়া স্নাতকোত্তর ডিগ্রিধারী সাদাত দীর্ঘ দিন বিশ্বের বিভিন্ন প্রান্তের একাধিক বহুজাতিক সংস্থার উচ্চ পদে কাজ করেছেন।
আফগান সরকারের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। টেলিকম ক্ষেত্রে ২৩ বছর কাজ করেছেন তিনি। কাজের সূত্রে ঘুরেছেন সৌদি-সহ বিশ্বের ১৩টি দেশ। ২০১৮ সালে চাকরি ছেড়ে আফগান মন্ত্রিসভায় যোগ দেন। ২০২০ সালে সব ছেড়ে জার্মানি যাত্রা। তখন থেকেই পিৎজা ডেলিভারির কাজ করছেন।

