কাজে যেতে হবে না, বাড়িতে বসেই বেতন পাবেন আফগান নারীরা: তালেবান

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তান পুরোদস্তুর তালেবানের দখলে চলে যায় গত ১৫ আগস্ট। এরপর কর্মজীবী নারীদের সাময়িকভাবে কর্মস্থলে যেতে নিষেধ করেছে তালেবান।

তারা বলছে, আফগান নারীদের কাজে যেতে হবে না, তারা বাড়িতে বসেই বেতন পাবেন। তবে তাদেরকে চাকরিচ্যুত করা হবে না।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তিনি বলেন, নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নারীদের ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এদিকে কাবুল বিমানবন্দরে আফগান নাগরিকদের আর যেতে দেয়া হবে না বলে জানিয়েছে তালেবান।

মুজাহিদ জানান, বিমানবন্দরের বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আফগানদের দেশ ছাড়তে উৎসাহিত না করার জন্য যুক্তরাষ্ট্রসহ বিদেশি দেশগুলোর প্রতিও আহ্বান জানান তিনি। আফগানিস্তানের গণমাধ্যম, হাসপাতাল, শিক্ষা-প্রতিষ্ঠান এবং স্থানীয় সরকারি দপ্তর এরই মধ্যে কাজ শুরু করেছে বলে দাবি তালেবানের এই মুখপাত্রের।

এদিকে আফগানিস্তানে নতুন সরকার গঠনের উদ্দেশ্যে প্রথম দুই মন্ত্রী ও গোয়েন্দা প্রধানের নাম ঘোষণা করেছে তালেবান। দেশটির নতুন অর্থমন্ত্রী হিসেবে গুল আগা ও ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সদর ইব্রাহিমকে। গোয়েন্দা সংস্থার প্রধান হয়েছেন নাজিবুল্লাহ।

আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রন নেয়ার পর থেকেই সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে তালেবান। এক সপ্তাহেরও বেশি সময় আলোচনা শেষে সরকার গঠনের আনুষ্ঠানিকতা শুরু করেছে গোষ্ঠীটি।

মঙ্গলবার প্রথমবারের মতো দুই মন্ত্রীর নাম ঘোষণা করেছে তালেবান। সেখানে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন গুল আগা। দেশটির নাঙ্গারহার ও কান্দাহার প্রদেশের সাবেক গভর্নর ছিলেন তিনি।

ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুব। ২০০১ সালের আগে, তালেবান নেতৃত্বাধীন সরকারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ছিলেন তিনি। এছাড়া দেশটির নতুন গোয়েন্দা প্রধানের দায়িত্ব পেয়েছেন তালেবান জ্যেষ্ঠ নেতা নাজিবুল্লাহ।

আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন হাজি মোহাম্মদ ইদ্রিস। কাবুলের গভর্নর মোল্লা শিরিন আর মেয়রের দায়িত্বে হামদুল্লাহ নোমানি। আগামী সেপ্টেম্বরের মধ্যে নতুন সরকারের পূর্ণাঙ্গরূপ ঘোষণার কথা জানিয়েছে তালেবান নেতারা।

  •  
  •  
  •  
  •  

Tags: ,