আফগানিস্তানে আইএস-কে’র ওপর যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা, প্রস্তুত ন্যাটো
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের কাবুলে বিমানবন্দরে বোমা হামলার পরিকল্পনাকারী ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের লক্ষ্য করে দেশটির পূর্বাঞ্চলে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বিমানবন্দরে হামলার শঙ্কার পরিপ্রেক্ষিতে আবারও পাল্টা হামলার জন্য প্রস্তুত রয়েছে ন্যাটো বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা।
বৃহস্পতিবার হামিদ কারজাই বিমানবন্দরে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭৫ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে যুক্তরাষ্ট্রের সেনা সদস্য রয়েছেন ১৩ জন।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের ক্যাপ্টেন বিল আরবান বলেন, আফগানিস্তানের নানগার প্রদেশে এ ড্রোন হামলা চালানো হয় এবং এতে বিমানবন্দরে হামলার পরিকল্পনাকারীদের একজন নিহত হয়েছে।
উল্লেখ্য আফগানিস্তানের কাবুলে হামলা চালানো আইএস-কে সংগঠনটির পূর্ণ নাম ইসলামিক স্টেট অব খোরাসান। জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর আঞ্চলিক সহযোগী শাখা হিসেবে কাজ করছে তারা। বর্তমান আফগানিস্তান ও পাকিস্তান নিয়ে প্রাচীন আমলে যে অঞ্চল সেটিই খোরাসান নামে পরিচিত ছিল। বর্তমানে আইএস-কে আফগানিস্তান ও পাকিস্তানে সক্রিয় রয়েছে বলে জানা গেছে।
কয়েক বছর ধরে সহিংস ঘটনার পেছনে এই গোষ্ঠীটি দায়ী বলে অভিযোগ পাওয়া যায় এর আগে। বিশেষ করে তারা স্কুলছাত্রীদের ওপর হামলা এমনকি হাসপাতালে টার্গেট করে হামলা চালিয়েছিল। এখন তারা আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএসের নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত।

