বসবাসের অযোগ্য হয়ে উঠছে মধ্যপ্রাচ্য?
আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যে দুবাইয়ের মতো শহরগুলো এমনিতে গরম আবহাওয়ার জন্য পরিচিত। তবে সম্প্রতি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, শিগগির এ অঞ্চলের বেশ কিছু অংশ মানুষ বসবাসের পুরোপুরি অযোগ্য হয়ে উঠতে পারে। আর তার জন্য দায়ী জলবায়ু পরিবর্তন। খবর এএফপির।
উপসাগরীয় অঞ্চলের শহরগুলোতে বছরের বেশ কয়েক মাস দৈনিক তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকে এবং উচ্চ আর্দ্রতার কারণে এর তীব্রতা আরও বেড়ে যায়।
গত মাসে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকার প্যানেল (আইপিসিসি) এক প্রতিবেদনে জানিয়েছে, জলবায়ু পরিবর্তন যে গতিতে ঘটবে বলে আগে আশঙ্কা করা হয়েছিল, মনুষ্য কর্মকাণ্ডের কারণে তা আরও দ্রুত ঘটছে।
এখনই দুবাইয়ের অনেক বাসিন্দা উত্তপ্ত মাসগুলোতে একটু ঠান্ডা আবহাওয়া পেতে অন্যত্র চলে যান। বাকিরা চেষ্টা করেন সারাক্ষণ শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে থাকার আর নিজেরা বাইরে না গিয়ে কোনো কিছু আনা-নেওয়ার জন্য ডেলিভারিম্যান ব্যবহারের।
সংযুক্ত আরব আমিরাত বিশ্বের অন্যতম শুষ্ক দেশ। কয়েক বছর ধরেই তারা উড়োজাহাজে করে ‘ক্লাউড সিডিং’য়ের মাধ্যমে কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানোর চেষ্টা করছে। বিশেষজ্ঞরা হুঁশিয়ার করেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে এ অঞ্চল শিগগিরই কঠিন বিপদের মধ্যে পড়তে যাচ্ছে।

