বাতিল হলো সার্কভুক্ত দেশগুলোর বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক:
আফগান ইস্যুতে সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশনভুক্ত (সার্ক) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের পূর্ব নির্ধারিত একটি বৈঠক বাতিল হয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিরা নিউইয়র্কে অবস্থান করছেন।
সেখানেই সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল।
বৈঠকে আফগানিস্তানের অংশগ্রহণের দাবি জানায় পাকিস্তান। আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারকে এখনও কোনো দেশ স্বীকৃতি দেয়নি। এমনকি তাদের সার্কের ওই বৈঠকে আমন্ত্রণও জানানো হয়নি। কিন্তু ওই বৈঠকে আফগান পররাষ্ট্রমন্ত্রীকেও যেন অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় সে বিষয়ে দাবি তোলে পাকিস্তান। তাতেই ভারতসহ অন্য দেশ আপত্তি তোলে। পরবর্তীতে বৈঠকই বাতিল করা হয়েছে।
বর্তমানে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। কিন্তু আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দেশটিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়নি।

