সৌদি প্রবাসীদের বিড়ম্বনা বাড়ল

আন্তর্জাতিক ডেস্কঃ নতুন নির্দেশনা জানা না থাকায় অনেক প্রবাসীকে ফেরত দেওয়া হচ্ছে বিমানবন্দর থেকেই। দেশটির সরকারের নতুন নীতিমালায় এক ডোজ টিকা নিয়ে সৌদি আরবে গেলে থাকতে হবে কোয়ারেন্টাইনে। এ জন্য গুনতে হবে ৪৫ থেকে ৫০ হাজার টাকা।

সম্প্রতি সৌদি সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ তাদের কোয়ারেন্টাইন নীতিমালায় পরিবর্তন এনেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, এখন থেকে সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে এক ডোজ টিকা নেওয়া থাকলেও পাঁচ দিন নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এর আগে এক ডোজ টিকা নিয়ে সৌদি আরবে প্রবেশ করা গেলেও নতুন এই শর্তে সেই সুযোগ আর থাকছে না।

সৌদি সিভিল অ্যাভিয়েশনের নতুন শর্তে বলা হয়েছে, সৌদি আরব থেকে এক ডোজ টিকা নিয়ে যে সব নন সৌদি নাগরিক, ছুটিতে গিয়েছিলেন তাদের ফেরার সময় কোয়ারেন্টাইন প্যাকেজ গ্রহণ করতে হবে।

নির্দেশনায় ইমিউন যাত্রীদের সংজ্ঞায় কেবল, সৌদিতে আগতদের অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজারের দুই ডোজ টিকা গ্রহণের কথা বলা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে বিমানবন্দর থেকেও ফিরে আসছেন।

তবে সৌদিতে এক ডোজ নিয়ে কেউ যদি বাংলাদেশ থেকে অপর ডোজ গ্রহণ করেন, সেক্ষেত্রে কি হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

  •  
  •  
  •  
  •  

Tags: