তিউনিশিয়ার ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন রোমধান
আন্তর্জাতিক ডেস্ক:
তিউনিশিয়ার ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন নাজলা বাউডেন রোমধান। দেশটির প্রেসিডেন্ট কাইস সাঈদ প্রধানমন্ত্রী হিসেবে বিশ্ববিদ্যালয়ের সাবেক এই প্রকৌশলীর নাম ঘোষণা করেছেন। নাজলা বাউডেন রোমাধান এর আগে ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পালন করেছেন এই ভূতাত্ত্বিক প্রকৌশলী। কিন্তু সরকার পরিচালনায় তার অভিজ্ঞতা নেই বললেই চলে। দেশটিতে ২০১১ সালে গণতন্ত্র আসার পর ব্যাপক সংকট চলছে।
অনলাইনে প্রকাশ করা এক ভিডিওতে কায়েস সাঈদ বলেন, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে তিউনিশিয়ার নারীদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে। আগামী কয়েকদিন বা কয়েক ঘণ্টার মধ্যে পরবর্তী মন্ত্রিসভা ঘোষণার প্রস্তাব দিয়েছেন তিনি। কারণ ইতোমধ্যেই অনেক সময় নষ্ট হয়ে গেছে। স্বাস্থ্য, পরিবহন ও শিক্ষাসহ সবক্ষেত্রের তিউনিশিয়ার সব নাগরিকের চাহিদা ও মর্যাদা বাস্তবায়নে নতুন সরকারের কাজ করা উচিত বলে মনে করেন তিনি।
প্রায় দুই মাস আগে বিক্ষোভের মুখে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে বরখাস্ত করে সংসদ বিলুপ্ত ঘোষণা করেন প্রেসিডেন্ট কায়েস সাঈদ। গত সপ্তাহে তিনি নতুন ডিক্রি জারি করেন। এতে তার ক্ষমতা বাড়ানোর সুযোগ রাখা হয়। বলা হয়, দেশ পরিচালনায় নিরংকুশ ক্ষমতা পাবেন কায়েস সাঈদ। এ পদক্ষেপকে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা উল্লেখ করে নিন্দা জানায় বিভিন্ন দেশ ও সংস্থা।
এএফপির খবরে বলা হয়েছে, রোমাধান এমন এক সময় তিউনিশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন যখন দেশটিতে নানাবিধ সংকট চলছে। ২০১১ সালে বিপ্লবের মাধ্যমে তিউনিশিয়ায় গণতান্ত্রিক যাত্রা শুরু করে। বর্তমান দেশটিতে ব্যাপক অর্থনৈতিক সংকট চলছে।

