আল আকসা মসজিদে ইহুদীদের প্রার্থনায় নিষেধাজ্ঞা বহাল

al-aksa

আন্তর্জতিক ডেস্কঃ ইসরায়েল-অধ্যুষিত জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা করার ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছেন ইসরায়েলের উচ্চ আদালত।

এর আগে মঙ্গলবার দেশটির নিম্ন আদালত ইহুদিদের প্রার্থনা করার অনুমতি দিলে এ নিয়ে ফিলিস্তিন ও পুরো মুসলিম বিশ্বে ক্ষোভ সৃষ্টি হয়। এর প্রেক্ষিতেই শুক্রবার দেশটির উচ্চ আদালত এ রায় দেন।

মসজিদুল আকসা বা বায়তুল মুকাদ্দাস, যা বিশ্বব্যাপী মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে পরিচিত। ইসরায়েল-অধ্যুষিত পূর্ব জেরুজালেমে এই মসজিদের অবস্থান। ইহুদিরাও এটিকে তাদের পবিত্র স্থান বলে দাবি করে থাকে। তাদের কাছে এটি টেম্পল মাউন্ট নামে খ্যাত। ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের অন্যতম কারণ এই মসজিদুল আকসা।

গত মাসে আরিয়েহ লিপ্পো নামে এক ইহুদি প্রার্থনাকারী হঠাৎ আল-আকসা প্রাঙ্গণে ঢুকে প্রার্থনা করলে সে সময় আপত্তি জানায় সাধারণ মুসলিম। পরবর্তীতে সেখানে ইহুদিদের প্রার্থনায় পুলিশ নিষেধাজ্ঞা জারি করলে ঘটনাটি আদালতে গড়ায়।

এদিকে জেরুজালেমের একটি আদালত আল-আকসাতে আরিয়েহ লিপ্পোর প্রার্থনা সমর্থন করে রায় দেন। বিচারকের মতে লিপ্পোর আস্তে আস্তে করা প্রার্থনা পুলিশের কোনো আইন ভঙ্গ করেনি। এ ছাড়া আদালত মসজিদুল আকসাতে অন্য সব ইহুদিদের প্রার্থনা করার অনুমতি দেন। আর এতেই ক্ষোভে ফুঁসে উঠে ফিলিস্তিন। ফিলিস্তিনিদের পাশাপাশি ইসরায়েলি আদালতের ওই রায়ের নিন্দা জানিয়েছিলেন পুরো মুসলিম বিশ্বের নেতারাও।

ইসরায়েলের নিম্ন আদালতের এ রায়ের বিরুদ্ধে দেশটির পুলিশ আপিল করলে জেরুজালেমের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক শুক্রবার এর রায় ঘোষণা করেন। রায়ে উচ্চ আদালত জেরুজালেমের আল–আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনায় নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন।

  •  
  •  
  •  
  •  

Tags: