মুজিববর্ষের বিজয় দিবসের অনুষ্ঠানে আসছেন ভারতের রাষ্ট্রপতি
নিউজ ডেস্ক :
৫০ বছর পূর্তিতে,বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
এ বছর স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্ক, মিত্রবাহিনীর কাছে দখলদার পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ৫০ বছর পূর্তি। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে মুজিববর্ষ উদযাপন শেষ হচ্ছে। এই উদযাপনকে আরো তাৎপর্যপূর্ণ করতে ও ভারতের সঙ্গে মৈত্রীর সম্পর্ক আরো জোরদারে ওই দেশটির রাষ্ট্রপতিকে সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ভারতীয় পক্ষ এরই মধ্যে তাদের রাষ্ট্রপতির বাংলাদেশ সফর ও বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতায় যোগ দিতে সম্মতি দিয়েছে। আগামী দিনগুলোতে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
রামনাথ কোবিন্দ ২০১৭ সালের ২৫ জুলাই থেকে ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রপতি হিসেবে এটিই হবে তাঁর প্রথম বাংলাদেশ সফর।
এদিকে বাংলাদেশ ও ভারত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে বিজয় উদযাপনের আগে আগামী ৬ ডিসেম্বর মৈত্রী দিবস পালন করবে। জানা গেছে, মৈত্রী দিবসে ভারতের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাকে অতিথি করার প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে ইতিবাচক আলোচনা হচ্ছে।১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয় ভারত।
উল্লেখ্য যে,গত মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের সময় তিনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ ডিসেম্বরকে স্মরণীয় করে রাখতে দিনটিকে মৈত্রী দিবস হিসেবে ঘোষণা করেন।
ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা গত সপ্তাহে বেঙ্গালুরুতে ‘১৯৭১ সালের যুদ্ধের মানবিক, রাজনৈতিক ও কূটনৈতিক দিক’ শীর্ষক অনুষ্ঠানে বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক যেকোনো কৌশলগত সম্পর্কের চেয়ে জোরালো। এটি দ্বিপক্ষীয় সম্পর্কের ‘রোল মডেল’।
জানা গেছে, বাংলাদেশ ও ভারত আগামী ৬ ডিসেম্বর বিশ্বের ১৮টি দেশে যৌথভাবে মৈত্রী দিবস উদযাপন করবে।
তিনি আরো বলেন, বাংলাদেশের মুক্তির সময় যে পারস্পরিক বোঝাপড়া, বন্ধুত্ব ও সম্মানের চেতনা সৃষ্টি হয়েছে, তা বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন খাতে ছড়িয়ে পড়েছে। ৫০ বছর আগে ইতিহাসের যে ধারা সৃষ্টি হয়েছিল, তা এখনো অব্যাহত আছে।

