দাম তার কোটি রুপি!
আন্তর্জাতিক ডেস্ক:
নাকটা তার থ্যাবড়ানো। গালের চামড়া এতটাই কুঁচকানো যে সেই চামড়া দিয়ে ঢেকে গেছে প্রায় পুরো মুখটাই। ঠিক করে দেখা যায় না চোখ দুটিও। ‘অসুন্দর’-এর সব উপাদানই তাদের মধ্যে ভরপুর। কিন্তু সারা বিশ্বে তাদের চাহিদা আকাশছোঁয়া।
এই বিরল প্রজাতির দুটি কোরিয়ান ম্যাসটিফ কুকুরকে নিজের সংগ্রহে রাখতে সুদূর চীন থেকে তাদের উড়িয়ে আনার ব্যবস্থা করেছেন ভারতের বেঙ্গালুরু নিবাসী ব্যবসায়ী সতীশ এস। এই দুটি ম্যাসটিফ কুকুরছানা শুধু কিনতেই সতীশ গুনে গুনে ২ কোটি রুপি খরচ করেছেন। তাদের বিমান ভাড়া বাবদ খরচটা না হয় বাদই দেওয়া হলো। কুম্বালগোদুতে সতীশের ফার্ম হাউসে ইতিমধ্যেই ১৫০টি বিভিন্ন প্রজাতির সারমেয় রয়েছে। তিনি জানিয়েছেন, ২০ বছর ধরে নিজের ফার্ম হাউসটি একটি কোরিয়ান ম্যাসটিফের স্থায়ী বাসস্থান করে তুলতে হন্যে হয়ে চেষ্টা চালিয়েছেন। আপাতত, সেই স্বপ্ন পূরণের আনন্দে তিনি মোটামুটি আহ্লাদে আটখানা।
এই দুই ছানা বুধবার বেইজিং থেকে ব্যাংকক ঘুরে বেঙ্গালুরু চলে এসেছে। তাদের জন্য রীতিমতো রেড কার্পেট পেতে মঞ্চ সাজিয়েছেন সতীশ। এই দুজনের মধ্যে একটা পুঁচকিকে বিমানবন্দর থেকে নিয়ে আসার জন্য ভাড়া করা হয়েছে একটি রোলস রয়েস। অন্যটি আসবে রেঞ্জ রোভার চেপে।
যত দিন না বেঙ্গালুরুর উষ্ণতার সঙ্গে মানিয়ে নিচ্ছে সারমেয় দুটি, তত দিন তাদের জন্য বিশেষ শীতল ঘরের ব্যবস্থা করেছেন সতীশ।

