নাইজেরিয়ায় মসজিদে সন্ত্রাসী হামলায় ১৬ মুসল্লি নিহত

নিউজ ডেস্ক:

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় মাশেগু এলাকার বা’আর গ্রামের মসজিদে বন্দুকধারীদের হামলায় ১৬ জন মুসল্লি নিহত হয়েছেন। সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার মাধ্যমে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারীরা মসজিদে থাকা বাকি মুসল্লিদের অপহরণ করেছে।

স্থানীয় সরকারের চেয়ারম্যান আলহাসান ইসা মাজাকুকা জানান, “গত বৃহস্পতিবার নাইজার প্রদেশের মাশেগু এলাকার বা’আর গ্রামে কয়েক ঘণ্টা ধরে হামলা চালানো হয়। কয়েক ডজন আততায়ী মোটরসাইকেলে করে এসে গ্রামে হামলা চালায়। এ সময় আততায়ীরা মসজিদে নামাজিদের হত্যা করে এবং গ্রাম লুটপাট করে।”

নাইজেরিয়ার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তবে, পুলিশের দাবি—ওই ঘটনায় নয় জন নিহত হয়েছে। নাইজেরীয় পুলিশের বিরুদ্ধে এ ধরনের হামলায় হতাহতের সংখ্যা কম করে দেখানোর অতীত অভিযোগ রয়েছে।

এর আগে গত সপ্তাহে আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় দেশটির অশান্ত উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ২৩ জনের বেশি ভ্রমণকারীকে হত্যা করা হয় বলে জানা যায়। সশস্ত্র দলগুলো মুক্তিপণের জন্য প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের হত্যা ও অপহরণ করে আসছে।

এসব বন্দুকধারীরা ক্রমেই আরও সংগঠিত ও সশস্ত্র হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে, এখনও প্রকাশ্যে তারা কোনো রাজনৈতিক আদর্শ বা উদ্দেশ্যের কথা ঘোষণা করেনি।

নাইজেরিয়ার একজন গভর্নর সম্প্রতি বলেছেন, “এ ধরনের বেআইনি দলের সংখ্যা দেড়শ ছাড়িয়েছে। এসব দলের নাম নেই বা পরিচিত কোনো নেতাও নেই। কিন্তু, সম্প্রতি নাইজেরিয়ার একটি আদালত তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।”

  •  
  •  
  •  
  •