কাবুলে ২৯ নারীকে বন্দী করেছে তালেবান
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে ২৯ জন নারী এবং তাদের পরিবারের সদস্যদের বন্দি করেছে তালেবানেরা। এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকারবিষয়ক বিশেষ মার্কিন দূত রিনা আমিরি।
মানবাধিকারবিষয়ক দূতের টুইট থেকে জানা যায়, নারীসহ মোট ৪০ জনকে আটক করেছেন তালেবান সদস্যরা। এ ধরনের অন্যায় আটক অচিরেই বন্ধ করা উচিত। পরে অবশ্য সে টুইট মুছে ফেলা হয় বলে জানায় গণমাধ্যম।
তবে ঠিক কী কারণে টুইট মুছে ফেলা হয়েছে, জিজ্ঞেস করলেও কর্তৃপক্ষ কোনো জবাব দেয়নি। এর আগে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে একদল সাংবাদিক ও দুই বিদেশি বন্দিকে মুক্তি দিয়েছিল তালেবান গোষ্ঠী।
গত আগস্টে তালেবান সরকার গঠনের পর থেকেই বিদেশি সমর্থন আদায় এবং অর্থের জোগান দিতে হিমশিম খাচ্ছে আফগানিস্তান। চরম অর্থনৈতিক ও মানবিক সংকট চলছে দেশজুড়ে।

