বিশ্বযুদ্ধ সূচনার মত ভুল করব না: ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় দেওয়া ভাষণে দেশটির বর্তমান পরিস্থিতিতে বিশ্ববাসীর প্রতি ‘দ্রুত ও দৃঢ় পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, বিশ্ব ইতিহাসে আমরা এক নজিরবিহীন সংকটের মুখোমুখি হয়েছি। বিশ্ববাসী হয়তো দশকের পর দশক ধরে এই ঘটনা স্মরণ করবে।
স্থানীয় সময় বুধবার (২৩ ফেব্রুয়ারি) ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যান্য বিশ্বযুদ্ধের সময় রাজনীতিবিদরা যে ভুলগুলো করেছিলেন সেই ভুলগুলোর জন্য আমরা সবাই ভুগেছি। আমি অনুরোধ করব যেন অতীতের ভুলগুলোর পুনরাবৃত্তি না হয় যা বিশ্বযুদ্ধের সূচনা করবে।
কুলেবা আরও বলেন, রাশিয়ার অভিযোগ যে ইউক্রেন উত্তেজনা বাড়াচ্ছে, কিন্তু তা অযৌক্তিক। বরং রাশিয়ার বক্তব্য আক্রমণাত্মক ও ভয়ংকর এবং এটি নজিরবিহীন হুমকি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
চলতি সপ্তাহের শুরুতে রাষ্ট্র হিসেবে ইউক্রেনের অস্তিত্ব অস্বীকার করে পুতিনের বক্তব্য প্রদান প্রসঙ্গে তিনি বলেন, কেউ যদি মনে করে যে আমরা (ইউক্রেন) অতিরিক্ত বাড়াবাড়ি করছি, তবে তাদের পুতিনের এই ভয়ংকর বক্তব্য দেখা উচিত।
প্রসঙ্গত, পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী-অধ্যুষিত দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে সেখানে সেনা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন পরিস্থিতিতে ইউক্রেনজুড়ে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ।

