ইউক্রেনে রাশিয়ার বোমা হামলায় নিহত ৮
নিউজ ডেস্ক:
রাশিয়ার সৈন্যদের বোমা হামলায় ইউক্রেনের এখন পর্যন্ত অন্তত ৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ৯ জন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ দাবি করেছে ইউক্রেন
দেশটির রাজধানী কিয়েভের ব্রোভারিতে মৃত্যু হয়েছে আরও একজনের। খবর রয়টার্সের।
জাতিসংঘের অনুরোধ উপেক্ষা করে আজ সকালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। তারপরই রাজধানী কিয়েভ, ওডেসাসহ ইউক্রেনের একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এ হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এ হামলা বন্ধের আহবান জানিয়েছেন।
এক টুইটে গুতেরেস বলেন, প্রেসিডেন্ট পুতিন মানবতার স্বার্থে আপনার সেনাবাহিনীকে রাশিয়ায় ফিরিয়ে নিন। এ সংঘাত এখন অবশ্যই বন্ধ করতে হবে।
আর ইউক্রেনের উপর রাশিয়ার হামলাকে প্ররোচনাহীন এবং অযৌক্তিক বলে নিন্দা করে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়াকে এই পদক্ষেপের জন্য চরম মূল্য দিতে হবে।

