ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিরা ভিসা ছাড়াই পোল্যান্ডে আশ্রয় নিতে পারবে
আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার রাতে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়া উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে বৈধ পাসপোর্টধারীরা সীমান্ত রক্ষী বাহিনীকে পাসপোর্ট দেখিয়ে পোল্যান্ডে ঢুকতে পারবেন।”
যাদের পাসপোর্ট নেই, তারা ট্রাভেল পাস নিয়ে পোল্যান্ডে ঢুকতে পারবেন। এজন্য প্রত্যেক বাংলাদেশিকে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে রাখতে অনুরোধ করেছে দূতাবাস।
ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের একটি দল শুক্রবার সকালে পোল্যান্ড- ইউক্রেন সীমান্তের পথে রওনা হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “ইউক্রেন থেকে পোল্যান্ডে ঢুকতে ইচ্ছুক বাংলাদেশিদের তারা সহায়তা করবেন।”
পররাষ্ট্রমন্ত্রী এ কে এ মোমেন গণমাধ্যমকে জানিয়েছেন যাদের সঙ্গে বৈধ কাগজপত্র নেই, তাদেরও পোল্যান্ডে পৌঁছাতে প্রয়োজনীয় সহায়তা দিতে ওয়ারশর বাংলাদেশ মিশনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
ইউক্রেনে কত বাংলাদেশি আছেন, তার সুনির্দিষ্ট কোনো হিসাব সরকারের খাতায় নেই। তবে সেই সংখ্যা এক থেকে দেড় হাজার হতে পারে বলে ধারণা দিয়েছিলেন পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন।
“যে যেদিকে পারছে বর্ডারের দিকে চলে যাচ্ছে। আজ (বৃহস্পতিবার) রাত পর্যন্ত বাংলাদেশির সংখ্যা ৬০০ পেরিয়ে গেছে। তিনটি গ্রুপ করা হয়েছে। অন্য বাংলাদেশিদের খোঁজ পেতে আইওএম এবং রেডক্রসের সাথে যোগাযোগ করছি আমরা।”
যারা পোল্যান্ডে পৌঁছাচ্ছেন, তাদের বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করার পরামর্শ দেন লায়লা।

