ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ অব্যাহত রয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে নিতে চেষ্টা চালাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী। কিয়েভের বিভিন্ন অঞ্চলে তুমুল লড়াই চলছে। তবে রাজধানী নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা মিখাইল পোডোলিয়াক।

মাইখাইলো পোদোলিয়াক বলেন, রুশ বাহিনী এখনও শহরে বিপুল সংখ্যক সেনা ও সরঞ্জাম হামলার চেষ্টা করছে এবং উপকণ্ঠে লড়াই চলছে। রাশিয়ানদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরক্ষা স্থাপন করতে সক্ষম হয়েছে ইউক্রেনীয় বাহিনী।

দেশটির ইউএনআইএএন নিউজ এজেন্সি অনুসারে পোডোলিয়াক বলেছেন, শহরে এবং কিয়েভের উপকণ্ঠে উভয় ক্ষেত্রেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম থেকে জানা যায়, শনিবার (২৬ ফেব্রুয়ারি) কিয়েভ একাধিক দিক থেকে আক্রমণের শিকার হয়েছে। রাজধানীর ট্রয়েসচিনা এলাকার সিএইচপি-৬ পাওয়ার স্টেশনের কাছে তীব্র লড়াই চলছে। এ হামলার মাধ্যমে পুরো শহরটিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হতে পারে।

রাজধানীতে, মাইডান স্কয়ারের কাছে একটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের ত্রয়েশ্চিনা এলাকায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিয়েভের ওপর গোলাবর্ষণ শব্দ এতটাই তীব্র ছিল যে শহরের কেন্দ্র থেকে কয়েক মাইল দূর পর্যন্ত শব্দ পেয়েছেন তারা

কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট বলছে, শহরের চিড়িয়াখানার কাছে এবং শুলিয়াভকা শহরের আশপাশে ৫০টিরও বেশি বিস্ফোরণ এবং ভারী মেশিনগানে গোলাগুলি হয়েছে।

রাশিয়ার অভিযানের পর মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে ইউক্রেনে। সীমান্তে ভিড় করছেন দেশটির সাধারণ মানুষ। যুদ্ধে অংশ নেওয়ার জন্য প্রিয়জনের সঙ্গে বিচ্ছেদ কিংবা সন্তানকে নিয়ে মায়ের নিরাপদ আশ্রয়ের খোঁজ, এখন ইউক্রেনের সাধারণ দৃশ্য।

  •  
  •  
  •  
  •