টার্গেট করেই ইউক্রেনে বাংলাদেশের জাহাজে হামলা হয়েছে: নৌ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক:

ইউক্রেনে রকেট হামলায় বাংলাদেশী জাহাজে থাকা এক নাবিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ মার্চ) সচিবালয়ে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী বলছেন, টার্গেট করেই ইউক্রেনে বাংলাদেশের জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে হামলা করা হয়েছে।

নৌ প্রতিমন্ত্রী বলেন, ইউক্রেনে অবস্থানরত বাংলার সমৃদ্ধি জাহাজে আটকে পড়া ২৮ বাংলাদেশি নাবিককে উদ্ধার বা নিরাপদে সরিয়ে নিতে কূটনৈতিক পর্যায়ে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে।

তিনি আরো বলেন, জাহাজে রকেট হামলায় নিহত বাংলাদেশি নাবিক হাদিসুরের মরদেহ দেশে ফেরত আনার বিষয়টি নির্ভর করছে যুদ্ধ পরিস্থিতির ওপর।

কারা এ হামলা করেছে সে বিষয়টি বাংলাদেশ সরকার নিশ্চিত নয় জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমরা এ বিষয়ে কথা বলবো।

উল্লেখ্য যে, এমভি বাংলার সমৃদ্ধি বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ। শিপিং করপোরেশন নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি সংস্থা। এ সংস্থার সাধারণ পণ্যবাহী জাহাজ বাংলার সমৃদ্ধি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছানোর পর গত ২৪ ফেব্রুয়ারি থেকে সেখানে রয়েছে। ওই দিন ভোরেই ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। জাহাজটিতে বাংলাদেশের ২৯ নাবিক ছিলেন। এখন সেখানে ২৮ নাবিক রয়েছেন।

গতকাল বুধবার (২ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়) বাংলাদেশ শিপিং করপোরেশনের এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলা হয়। বিষয়টি নিশ্চিত করেন ওই জাহাজেরই নাবিক সালমান সামি। ইতিমধ্যে ওই জাহাজে অবস্থান করা নাবিকদের পাঠানো দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

 

  •  
  •  
  •  
  •