পাকিস্তানে আঘাত হানলো ভারতীয় ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের একটি সুপারসনিক ক্ষেপণাস্ত্র পাকিস্তানে গিয়ে আঘাত হেনেছে। বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় হরিয়ানার সিরসা থেকে ক্ষেপণাস্ত্রটি উড়ে এসে পাকিস্তানের ভূখণ্ডের ১২৪ কিলোমিটারের মধ্যে পড়েছে।

এটি ছিল চল্লিশ হাজার ফুট উচ্চতার ক্রুজ ক্ষেপণাস্ত্র যা ভারত-পাকিস্তান দুই দেশেরই যাত্রীবাহী ফ্লাইট, বেসামরিক নাগরিক ও সম্পদ ঝুঁকিতে ফেলে দিয়েছিল।

এ নিয়ে উচ্চ-পর্যায়ের একটি তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় সরকার। পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার বলেন, পাঞ্জাব প্রদেশের মিয়া চান্নুতে এসে ক্ষেপণাস্ত্রটি পড়েছে। এতে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করা হয়েছে।

পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটির আঘাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যেখানে সেটি পড়েছে সেখানে কোনো স্পর্শকাতর স্থাপনা নেই।

বাবর ইফতিখার বলেন, এ দুর্ঘটনা যে কারণেই ঘটুক না কেন, ভারতকে তার ব্যাখ্যা দিতে হবে। এভাবে গর্হিত আকাশসীমা লঙ্ঘনের ঘটনার নিন্দা জানাচ্ছে পাকিস্তান। ভবিষ্যতে এ রকম ঘটনা যাতে না ঘটে, সে জন্য সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

  •  
  •  
  •  
  •