প্রধানমন্ত্রীকে সৌদি বাদশাহর ১০ কেজি ওজনের স্বর্ণ ও রুপার গিলাফ উপহার
নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য স্বর্ণ ও রুপা দিয়ে তৈরি ১০ কেজি ওজনের একটি গিলাফ উপহার হিসেবে পাঠিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। এই উপহারের জন্য বাংলাদেশ প্রধানমন্ত্রী সৌদি বাদশাহকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশী মানুষের হৃদয়ে সৌদি আরবের জন্য একটি বিশেষ স্থান রয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার প্রধান, যিনি সৌদি আরবের বাদশাহর পক্ষ থেকে এ ধরনের একটি গিলাফ গ্রহণ করলেন।
গতকাল (৩০ মার্চ) বিকেলে সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ ঈসা বিন ইউসুফ আল দুহাইলান প্রধানমন্ত্রীর সঙ্গে পার্লামেন্টে সৌজন্য সাক্ষাত করেন। এসময় সৌদি আরব বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সেদেশের জন্য জমি বরাদ্দের প্রস্তাব দিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সৌদি আরবের বিনিয়োগকে স্বাগত জানায়। তারা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য জমি পছন্দ করতে পারেন। বৈঠকে প্রধানমন্ত্রী এক্সপো-২০৩০ আয়োজনের জন্য সৌদি আরবকে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন। রাষ্ট্রদূত এ ব্যাপারে তাদের প্রার্থীর প্রতি বাংলাদেশের সমর্থন কামনা করেন।

