চিকিৎসায় নোবেল পেলেন সুইডেনের সান্তে প্যাবো
আন্তর্জাতিক ডেস্ক: মানব বিবর্তন নিয়ে গবেষণার জন্য চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন সুইডেনের জিনতত্ত্ববিদ সান্তে প্যাবো। সোমবার নোবেল কমিটি তার নাম ঘোষণা করে।
নোবেল কমিটির ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২২ সালে চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেনের জিনবিজ্ঞানী সান্তে প্যাবো। বিলুপ্ত হোমিনদের জিনোম এবং মানবজাতির বিবর্তন বিষয়ে গবেষণার জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে পাবোকে।
অক্টোবরের প্রথম সোমবার থেকে ছয় দিনব্যাপী সারাবিশ্বের ছয়জন পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা হবে। সে হিসেবে আজ ঘোষণা করা হলো চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম।
এর মধ্যে আগামীকাল মঙ্গলবার পদার্থবিজ্ঞানে, বুধবার রসায়ন, এরপর যথাক্রমে ৬ অক্টোবর সাহিত্যে ও ৭ অক্টোবর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করবে রয়্যাল সুইডিশ একাডেমি।
১০ অক্টোবর সোমবার অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে চলতি বছরের মোট ছয়টি শাখায় বিজয়ীদের নাম ঘোষণা।

