রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

নিউজ ডেস্ক:
রসায়নে চলতি বছর নোবেল পুরস্কার পেয়েছেন ৩ বিজ্ঞানী। তারা হলেন- ক্যারোলিন আর বেরতোজ্জি, মর্টেন মেলডাল ও কে. ব্যারি শার্পলেস।

বুধবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটার দিকে সুইডেনের রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস রসায়নে এই তিন বিজ্ঞানীর নোবেল জয়ের ঘোষণা দিয়েছে।

নোবেল অ্যাসেম্বলি জানায়, ক্লিক রসায়ন এবং বায়োর্থোগোনাল রসায়নে অগ্রগতির জন্য এই বিজ্ঞানীরা রসায়নে নোবেল পেলেন।
গেল ৩ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানে বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে ২০২২ সালের নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। এ বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেনের জিনতত্ত্ববিদ সভান্তে পাবো। এছাড়া পদার্থে ফরাসি পদার্থবিজ্ঞানী অ্যালাইন অ্যাসপেক্ট, মার্কিন পদার্থবিজ্ঞানী জন এফ ক্লজার ও অস্ট্রিয়ার পদার্থবিজ্ঞানী অ্যান্টন জেলিঙ্গার যৌথভাবে নোবেল পেয়েছেন।

ডিনামাইট আবিষ্কারক সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালে করে যাওয়া একটি উইল অনুযায়ী নোবেল পুরস্কার প্রচলন করা হয়। প্রথম পুরস্কার দেওয়া শুরু হয় ১৯০১ সালে। সেসময় সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানকে সফল, অনন্যসাধারণ গবেষণা, উদ্ভাবন ও মানবকল্যাণমূলক কার্যক্রমের জন্য পাঁচটি বিষয়ে পুরস্কার দেওয়া হয়। বিষয়গুলো হলো পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য ও শান্তি। যদিও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ১৯৬৯ সাল থেকে।

  •  
  •  
  •  
  •