মিয়ানমারসহ ৩ দেশের ওপর কানাডার নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্কঃ
রাশিয়া, ইরান এবং মিয়ানমারের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। দেশগুলোর সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে শুক্রবারএই নিষেধাজ্ঞা আরোপ করে ট্রুডো প্রশাসন।
১০ ডিসেম্বর, শনিবার ‘দ্য স্ট্রেইট নিউজ’ এর বরাতে এই তথ্য জানা যায়। নিষেধাজ্ঞা আরোপ করে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, তার দেশ কখনই মানবাধিকারের জন্য দাঁড়ানো বন্ধ করবে না।
কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদকারী রুশ নাগরিকদের বিরুদ্ধে কথিত ‘সিস্টেম্যাটিক মানবাধিকার লঙ্ঘনের’ সাথে জড়িত ৩৩ জন বর্তমান বা প্রাক্তন সিনিয়র রুশ কর্মকর্তা এবং ছয়টি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে রাশিয়া, ইউক্রেন এবং বেলারুশের প্রায় ১ হাজার ৫০০ ব্যক্তি এবং সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা।
বিবৃতিতে ইরানে ২২ জনের উপরও নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিষেধাজ্ঞায় বিচার বিভাগ, কারাগার ব্যবস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থার সিনিয়র সদস্যদের পাশাপাশি রাজনৈতিক নেতারা, যেমন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সিনিয়র সহকারী এবং রাষ্ট্র-নির্দেশিত মিডিয়া আউটলেটের ব্যক্তিত্বও রয়েছেন।
এছাড়া, মিয়ানমারের ১২ জন ব্যক্তি এবং তিনটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যারা মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষে গুরুত্বপূর্ণ কাজ করে আসছে।

