প্রবল তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ

শক্তিশালী শীতকালীন তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৩ ডিসেম্বর) এই ঝড় ‘বোম্ব সাইক্লোন’-এ রূপ নেওয়ার পর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন ১০ লাখের বেশি মানুষ। বন্ধ করে দেওয়া হয় মহাসড়ক, বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট। দেশটিতে শীত এতটাই জেঁকে বসেছে যে, ফুটন্ত পানি বাতাসে ছুড়ে দিলে সঙ্গে সঙ্গে বরফে পরিণত হচ্ছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, ভয়ংকর তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রে ২০ কোটির বেশি মানুষ সতর্কতার আওতায় রয়েছেন। দেশটির কোথাও কোথাও তাপমাত্রা হিমাঙ্কের নিচে ৪৮ ডিগ্রি সেলসিয়াসে (-৫৫ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছেছে।

টেক্সাসের এল পাসোতে মেক্সিকো সীমান্ত পেরিয়ে আসা অবৈধ অভিবাসীরা উষ্ণ আশ্রয়ের সন্ধানে মরিয়া হয়ে উঠেছেন। জানা যায়, অভিবাসীদের অনেকেই চার্চ, স্কুল ও নাগরিক কেন্দ্রগুলোতে ভিড় করছেন।

ওহাইওতে ৫০টি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজনের মৃত্যু হয়েছে। মিশিগানে নয়টি ট্র্যাক্টর ট্রেলারের দুর্ঘটনায় সড়ক যোগাযোগ বিঘ্নিত হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের হিসাবে, গত শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় পাঁচ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আরও ৭ হাজার ৬০০টি বিলম্বিত হয়েছে।

  •  
  •  
  •  
  •