আমাকে বিশ্ববিদ্যালয়গুলির চ্যান্সেলর পদ থেকে সরিয়ে দিনঃ কেরালা গভর্নর
আন্তর্জাতিক ডেস্কঃ
‘রাজনৈতিক হস্তক্ষেপ’ নিয়ে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে কেরালার গভর্নর বলেছেন, আমাকে বিশ্ববিদ্যালয়গুলির চ্যান্সেলর পদ থেকে সরিয়ে দিন। কেরালায় যখন অভূতপূর্ব উন্নয়ন সাধিত হচ্ছে সেখানে বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে কেরালার গভর্নর আরিফ মহম্মদ খান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে চিঠি লিখেছেন তাকে সরিয়ে নেওয়ার জন্য। বহুবার রাজ্য সরকারের কথিত হস্তক্ষেপের কারণে তিনি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের পদ ত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন।
গভর্নর আরিফ মহম্মদ খান কেরালা রাজ্যের সকল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে আছেন। সম্প্রতি তিনি সকল বিশ্ববিদ্যালয়কে শ্রেষ্ঠত্বের কেন্দ্রে (Center of Excellence) পরিণত করা উচিত মর্মে কেন্দ্রিয় সরকারকে অনুরোধ করেন। তিনি আরও বলেন, এসব বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক নিয়োগ ও হস্তক্ষেপ যথাসম্ভব পরিহার করতে হবে। কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপের কারণে সম্প্রতি মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং রাজ্য উচ্চ শিক্ষা পরিষদকে তিনি পাঁচ পৃষ্ঠার একটি চিঠি লিখেছিলেন, যেখানে তিনি পরামর্শ দিয়েছিলেন যে রাজ্য সরকারের তাকে অপসারণের জন্য একটি অধ্যাদেশ জারি করতে পারে।

