ভূমিকম্পে তুরস্কে ও সিরিয়ায় নিহত বেড়ে ৬ শতাধিক

নিউজ ডেস্কঃ

রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়ে গেছে; এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

তুরস্কের দক্ষিণাঞ্চলে উৎপত্তি হওয়া ভূমিকম্পটিতে প্রতিবেশী সিরিয়ায় অন্তত ৩৮৬ জন নিহত ও ৯৫০ জনেরও বেশি আহত হয়েছেন বলে এ পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে।

সিরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির সরকার নিয়ন্ত্রিত এলাকায় মৃতের সংখ্যা বেড়ে ২৩৯ জনে দাঁড়িয়েছে এবং ৬৩৭ জন আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে।

হতাহতদের অধিকাংশই আলেপ্পো, লাতাকিয়া, হামা ও তারতুস প্রদেশের বাসিন্দা বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে।

সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে আরও অন্ত ১৪৭ জন নিহত হয়েছেন বলে বিদ্রোহীদের উদ্ধারকারী দল হোয়াইট হেলমেট টুইটারে জানিয়েছে। এখানে আরও ৩৪০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে তারা।

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওক্তাই জানিয়েছেন, সেখানে এখন পর্যন্ত ২৮৪ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছেন তারা। আহত হয়েছেন আরও ২ হাজার ৩২৩ জন।

সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর লাতাকিয়া থেকে শুরু করে ভূমিকম্পটি দক্ষিণে রাজধানী দামেস্ক পর্যন্ত অনুভূত হয়েছে।

তুরস্ক জরুরি অবস্থা ঘোষণা করে উদ্ধারকারীদের পরস্পরের মধ্যে সমন্বয়ে সহায়তা করতে জনসাধারণকে মোবাইল ফোন ব্যবহার না করার আহ্বান জানিয়েছে।

সিরিয়ার রাজধানী দামেস্ক, লেবাননের রাজধানী বৈরুত এবং বন্দর শহর ত্রিপোলিতে ভূমিকম্পের কারণে লোকজন দৌঁড়ে রাস্তায় বের হয়ে যায়, তাদের ভবনগুলো ধসে পড়তে পারে আশঙ্কায় কেউ কেউ নিজেদের গাড়ি সেখান থেকে সরিয়ে নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

দামেস্কের বাসিন্দা সামের বলেন, “দেয়ালে ঝুলানো পেইন্টিংগুলো পড়ে যায়। আমি আতঙ্কিত হয়ে জেগে উঠি। এখন আমরা সবাই দরজায় নিচে দাঁড়িয়ে আছি।”

উভয় দেশে শত শত ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া জীবিতদের রক্ষা করতে উদ্ধারকারীরা কাজ শুরু করেছেন।

  •  
  •  
  •  
  •