ব্রাজিলে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধস, ৩৬ মৃত্যু
নিউজ ডেস্ক:
ব্রাজিলের সবচেয়ে ধনী রাজ্য সাউ পাউলোর উপকূলীয় এলাকায় ৬০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত, ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক শতাধিক মানুষ।সোমবার (২০ ফেব্রুয়ারি) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানায়। খবর রয়টার্সের।
রয়টার্স বলছে, দুর্যোগের পর হতাহতদের খোঁজে উদ্ধারকর্মীরা সন্ধান চালিয়ে যাচ্ছে। বিচ্ছিন্ন এলাকাগুলোর মধ্যে পুনরায় সংযোগ চালু এবং রাস্তা পরিষ্কারের কাজও চলছে। এছাড়া যোগাযোগ বন্ধ হয়ে অবরুদ্ধ হয়ে পড়া কিছু এলাকায় কার্নিভাল উদযাপনের জন্য ব্রাজিলে ভ্রমণকারী অনির্ধারিত সংখ্যক পর্যটক আটকা পড়েছেন বলেও খবর বের হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে, সাও পাওলোর উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আর সেটি হলে সিভিল ডিফেন্স এবং ফায়ার ডিপার্টমেন্টের উদ্ধারকারী দলের উদ্ধার তৎপরতা চ্যালেঞ্জের মুখে পড়বে এবং এতে করে প্রাণহানির সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পাবে।
এদিকে ক্ষতিগ্রস্তদের সহায়তা, অবকাঠামো পুনরুদ্ধার এবং পুনর্গঠন কাজ শুরু করার জন্য পদক্ষেপ নিয়েছে ব্রাজিলের ফেডারেল সরকার। অন্যদিকে সাও পাওলো প্রদেশ সেখানকার ছয়টি শহরের জন্য ১৮০ দিনের বিপর্যয়কর সময় ঘোষণা করেছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুয়িজ ইনাসিও লুলা দ্য সিলভা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, সোমবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করতে যাবেন তিনি।

