দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম সেই তাকরিম

নিউজ ডেস্ক:

দুবাইয়ে অনুষ্ঠিত ২৬তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হাফেজ সালেহ আহমদ তাকরিম প্রথম স্থান অর্জন করেছেন। ভিনদেশে একজন হাফেজ হিসেবে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন হাফেজ সালেহ আহমদ তাকরিম। এর আগেও এ প্রতিযোগিতায় ২ জন বাংলাদেশি হাফেজ প্রথম স্থান হওয়ার গৌরব অর্জন করেছিলেন।

দুবাই এক্সপো সিটির মুল স্টেজে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে প্রথম স্থান অধিকারী হিসেবে তাকরিমের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার করে ইথিওপিয়ার আব্বাস হাদী, ৩য় স্থান অধিকার করে সৌদি আরবের খালিদ সোলাইমান। দুবাইয়ের ২ রমজান থেকে শুরু হওয়া এ আসর ১৩ রমজান পর্যন্ত চলে।

গত ১২ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক নির্বাচনী পরীক্ষায় একদল বিজ্ঞ বিচারকমণ্ডলীর রায়ে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হয় তাকরিম।

এবারের প্রতিযোগিতায় শুধু তাকরিম-ই দেশের নাম উজ্জ্বল করেনি। দুবাইয়ের এই প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন শায়খ শোয়াইব মোহাম্মদ আলআজহারি নামে এক বাংলাদেশী আলেম।

তাকরিমের বিজয়ী হবার খবরটি নিশ্চিত করেছেন তার শিক্ষক ও মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম।

এর আগে, সৌদি আরব ও ইরানে আয়োজিত দুটি আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থান অর্জন করে তাকরিম।

তাকরিম মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার কিতাব বিভাগের ছাত্র। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আবদুর রহমান একজন মাদরাসা শিক্ষক ও মা গৃহিণী।

  •  
  •  
  •  
  •