মারা গেছেন কিংবদন্তী শিল্পি হ্যারি বেলাফন্টে

নিউজ ডেস্ক:

ক্যারিবিয়ান লোকসঙ্গীত কিংবদন্তী হ্যারি বেলাফন্টে আর নেই। ৯৬ বছর বয়সে ম্যানহাটনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। গতকাল ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বিশ্ববাসী। তিনি শুধু সঙ্গীত শিল্পী ছিলেন না অভিনয়ও করেছেন বেলাফন্তে। বিশ্ব জুড়ে বিভিন্ন ভাষায়, বাংলাতেও অনুদিত হয়েছে তাঁর ‘ডাউন দ্য ওয়ে’।

কৃষ্ণাঙ্গ মানুষের অধিকারের জন্য আজীবন গর্জে উঠেছে আমেরিকার কিংবদন্তি গায়ক হ্যারি বেলাফন্টের কন্ঠ। প্রতিবাদে, প্রতিরোধে, লড়াইয়ে নিজের গানকেই করেছেন হাতিয়ার। সঙ্গীতের জগতে তাঁর অবদান অনস্বীকার্য। ১৯২৭ সালের ১ মার্চ ম্যানহাটনে এক ওয়েস্ট ইন্ডিয়ান অভিবাসী পরিবারে জন্ম হ্যারল্ড জর্জ বেলাফন্তে জুনিয়রের, বিশ্ব তাঁকে চিনেছে হ্যারি বেলাফন্টে নামেই। নিজের পরিচয় নিজের ক্ষমতায় তৈরি করেছিলেন তিনি।

দেশের গন্ডি ছাড়িয়ে তাঁর গান আলোড়ন তুলেছিল ইউরোপ থেকে আফ্রিকায়। তৎকালীন ভারতবর্ষও মেতেছিল তাঁর ‘জাম্প ইন দ্য লাইন’, ‘দ্য ব্যানানা বোট সং’ ‘আইল্যান্ড ইন দ্য সানে’র মতো গান গুলিতে। নিজের গানের মাধ্যমে আমেরিকায় বর্ণবৈষম্য মুছে দেওয়ার ডাক দিয়েছিলেন বেলাফন্তে। ঝাঁপিয়েছিলেন সমাজসেবায়। দারিদ্র, বর্ণবাদ এবং এইডসের ছোবলে বিপন্ন আফ্রিকাতেও গিয়েছেন বারবার সমাজকর্মী হিসেবে। বেলাফন্তের মৃত্যুতে তাই শোকস্তব্ধ বিশ্বের সংস্কৃতি জগত। শোকস্তব্ধ বিশ্ববাসী।

  •  
  •  
  •  
  •