সাত বছর পর সৌদিতে দূতাবাস চালু করল ইরান
নিউজ ডেস্ক:
সৌদি আরবে নিজেদের দূতাবাস পুনরায় চালু করেছে ইরান। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী এই দু’টি দেশ তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সাত বছর পর আবারও তা চালু হলো। এদিকে সৌদিতে দূতাবাস পুনরায় চালু করাকে সহযোগিতার ‘নতুন যুগে প্রবেশ’ বলে আখ্যায়িত করেছে ইরান।
মঙ্গলবার (৬ জুন) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরান আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের রাজধানী রিয়াদে আবার দূতাবাস চালু করেছে। সৌদি মালিকানাধীন আল আরাবিয়া টিভি জানিয়েছে, রিয়াদে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ইরান ও সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পারস্য উপসাগরীয় দেশ ইরাক এবং ওমানের মধ্যস্থতায় দুই বছরের আলোচনার পর মার্চ মাসে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করতে সম্মত হয় ইরান। আলোচনার চূড়ান্ত পর্বে মধ্যস্থতা করেছিল চীন।
জানা গেছে, ইরানে ফের দূতাবাস চালুর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। তবে কবে নাগাদ চালু করতে পারে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
২০১৬ সালের জানুয়ারিতে সৌদি শিয়া ধর্মগুরু শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিক্ষুব্ধ জনতার হামলার পরে তেহরানে দূতাবাস বন্ধ করে দেয় সৌদি আরব।

