ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিখোঁজ ৩৭
নিউজ ডেস্ক:
ইতালির লাম্পাডুসা দ্বীপের উপকূলীয় এলাকায় অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে প্রায় ৩৭ জন।
শুক্রবার (২৩ জুন) আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ জুন) ইতালির লাম্পাডুসা দ্বীপের উপকূলীয় এলাকায় অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি ডুবে যায়।
জাতিসংঘের সংস্থাটি জানিয়েছে, নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া আরোহীরা সবাই সাব-সাহারান আফ্রিকা অঞ্চলের বাসিন্দা। গত বৃহস্পতিবার গভীর রাতে তারা ইতালির লাম্পেদুসা দ্বীপে পৌঁছান। এর আগে, একটি জাহাজ তাদের নৌকাডুবির স্থান থেকে উদ্ধার করে।
জীবিত আরোহীরা জানিয়েছেন, তারা মোট ৪৬ জন তিউনিসিয়ার স্ফ্যাক্স বন্দর থেকে ইতালির উদ্দেশে রওয়ানা হয়েছিলেন। তবে প্রবল বাতাসে তাদের নৌকাটি ডুবে যায়।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনও দুর্ঘটনার বিষয়ে একই তথ্য দিয়েছিল। তবে তারা নিখোঁজদের সংখ্যা ৪০ বলে উল্লেখ করেছিল।

